উচ্ছশৃঙ্খল আচরণের প্রতিবাদ করতে গিয়ে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান কলেজ ক্যাম্পাসে একদল উচ্ছশৃঙ্খল ও বখাটে যুবকের হাতে লাঞ্ছিত হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের মূল ফটকে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন শিক্ষকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিসিএস শিক্ষা সমিতির নির্বাহী সদস্য অধ্যাপক ড.আবু নুর মো: আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো: ছামিউল ইসলাম সহ আরো অনেকে।
মানববন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজের এক শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করে।
কলেজ কর্তৃপক্ষ সূত্র ও বক্তারা জানায়, কলেজ চলাকালিন সময় বুধবার যোহরের নামাজ পড়ে নিজের দপ্তরে ফেরার সময় অধ্যক্ষ মো. খলিলুর রহমান দেখতে পান কলেজ ক্যাম্পাসের চারদিকের রাস্তায় বেপরোয়া গতিতে কিছু উশৃঙ্খল ও বখাটে যুবক মোটরসাইকেল নিয়ে এলোপাথারী ঘোরাফেরা করছে। তিনি তাদের আচরণের প্রতিবাদ করলে তার হাত মুচড়ে ধরা হয় এবং এক পর্যায়ে তিনি মারধোরের শিকার হন।
তারা বলেন, একজন অধ্যক্ষের সঙ্গে এধরণের আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। প্রশাসনকে এ ঘটনায় কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

