কুমিল্লায় ‌সাংবাদিক মহিউদ্দিনকে হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অপরাধ চট্টগ্রাম জাতীয়

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে অভিযানে গেলে র‌্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ সময় রাজু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, র‌্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ ঘটনায় এক সন্ত্রাসী নিহত হন। আহত হন র‌্যাবের এক সদস্য।

বিভিন্ন গণমাধ্যমে আপনার উদ্ধৃতি দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি রাজু বলে সংবাদ প্রকাশিত হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেসব গণমাধ্যম আমাকে কোট করে সংবাদ প্রকাশ করছে সেটা তাদের ব্যাপার। আমি কাউকে এ বিষয়ে কোনো তথ্য দিইনি। ’

এদিকে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের ছোট ভাই হৃদয় সরকার জানান, হাসপাতালে যে মরদেহটি রয়েছে সে আমার ভাই হত্যা মামলার প্রধান আসামি রাজু। আমাদের পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ নগরে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবারে (১৪ এপ্রিল) রাতে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় রাজুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *