।। অনলাইন ডেস্ক।।
পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ গ্রোগ্রামের আজকের বিশেষ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন বিশিষ্ট ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
শনিবার (১২ এপ্রিল) বেলা সোয়া ৩টায় সোহরাওয়ার্দী উদ্যোনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফতি সাইফুল ইসলাম।
গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত করা ও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
এই কর্মসূচি শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম-ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবেন।

