কিশোরগঞ্জে মামাকে হত্যার দায়ে ভাগ্নে গ্রেফতার

অপরাধ জাতীয় ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মামা আফজাল হোসেন ওরফে আবু রায়হানকে খুনের দায়ে ভাগ্নে জাহেদুল ইসলাম ওরফে মহসিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাহেদুল ইসলাম ওরফে মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর (বড়পুল) এলাকার শাহাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ তথ্য জানান। এর আগে, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে নিহত আফজাল হোসেন ওরফে আবু রায়হান (৩২) উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সোয়া ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম ওরফে মহসিনকে গ্রেফতার করা হয়েছে। পরে মহসিনের দেখানো মতে হত্যায় ব্যবহৃত চাকুটি (আলামত) উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামি জাহেদুল ইসলাম ওরফে মহসিনকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *