মেহেদী হাসান, শরীয়তপুর:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার রাতে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শনিবার পযর্ন্ত পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্য উপলক্ষে গৃহহীন ও ভুমিহীনদের জন্য ৩২টি গৃহনির্মাণ কাজের পরিদর্শনে শুক্রবার দুপুরে ভোজেশ্বর গেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাদী হোসেনসহ ৫ জনের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ভূমি দস্যুরা। এ সময় হামলাকারীরা তাদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কুপিয়ে জখম করেছে। সংবাদ পেয়ে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে নড়িয়া থানার পুলিশ।
নড়িয়া উপজেলা পিআইও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় মুজিববর্য উপলক্ষে গৃহহীন ও ভুমিহীনদের জন্য একই উপজেলার ভোজেশ্বরে ৩২টি গৃহনির্মাণ কাজ চলছিল। স্থানীয় এক ব্যাক্তি ঐ জায়গা নিয়ে দেওয়ানী মামলা করলে ৩০ জুন শরীয়তপুরের বিজ্ঞ জেলা জজ আদালত গৃহ নির্মাণ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ দেন। শুক্রবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহাদী হোসেন, উপসহকারী প্রকৌশলী সোহেল অভি শ্রমিকদের পারিশ্রমিক ও সাইড পরিদর্শন করতে গেলে ভূমি দস্যুরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহাদী হোসেন, উপসহকারী প্রকৌশলী সোহেল অভি, শ্রমিক সরদার রাসেল মাদবরসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় খোকন ছৈয়াল(৪৮), বোরহান গোরাপী(৫৫), সোহেল রানা তালুকদার(৩২), লিটন গোড়াপী( ৩৮), আবদুর বর বেপারী(৪০)কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহাদী হোসেন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সোহেল অভি বলেন, কোর্টের নির্দেশে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। তাই শ্রমিকরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদের পাওনা বুঝিয়ে দিতে এবং সাইড পরিদর্শন করতে গিয়েছিলাম। এমন সময় ভূমি দস্যুরা অতর্কিত আমাদের উপর হামলা চালায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)অবনী শংকর কর বলেন, হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকীদের ধরার ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

