হাবিবুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়ায় গত সপ্তাহের সোম ও মঙ্গলবার পরপর দুই দিনে দুজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনের মরদেহ মাজার ও অপরজনের মরদেহ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ওই দুজনকেই ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্থানীয়দের।
জানা গেছে, সোমরার গভীর রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডী কান্দাপাড়া থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কান্দাপাড়া মাজারের আঙিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন ধানকোড়ার ছৌন্টা এলাকায় ভুট্টা ক্ষেত থেকে আরেক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়। এখনও ওই দুই নারীর পরিচয় শনাক্ত হয়নি। পরপর একইরকম দুইটি ঘটনায় ব্যপক কৌতুহল এলাকাবাসীর। তবে এখন পর্যন্ত এই ঘটনার কুল কিনারা করতে পারেনি পুলিশ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। একটি মরদেহ মাজার ও অপরটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হয়েছে। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্টে দুটি মরদেহেরই বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

