মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
কঠোর লকডাউনের ১ম দিনে ভূরুঙ্গামারীর জনগনকে সচেতন করতে এবং সরকারি ঘোষিত বিধি নিষেধ গুলো কার্যকর করতে প্রচারণা ও টহল জোরদার করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সবাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্বেচ্ছা সেবক সংগঠন গুলোর মাইকিং চলছে। সেই সাথে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের যৌথ টিম। এসময় ৭ টি মামলায় আইন অমান্যকারীদের ৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান , পুলিশ বিভাগ ও আনসার সদস্যবৃন্দ।
উপজেলার বিভিন্ন এলাকায় চেক পোস্ট ও পুলিশ টহল জোরদার করায় সকল দোকানপাট বন্ধ ও রাস্তায় লোকজনের চলাচল ছিল একেবারে কম। সামান্য কিছু রিক্সা ও অটো রিক্সা রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

