কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ কুড়িগ্রামের ৩ সাংবাদিককে অন্তর্ভূক্তের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ফুলবাড়ীর সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কালেরকণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি লেখক ও শিক্ষক আব্দুল খালেক ফারুক, নিউজ টুয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান সাংবদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ীর সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, শিক্ষার্থী দুজায়েদ রহমান লিমন, আরিফুল ইসলাম, আতিক হাসান, মেহেদী হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৪ আগস্ট তৎকালীন সরকার দলীয় সমর্থকদের দ্বারা সাংবাদিকরা কুড়িগ্রাম প্রেসক্লাবসহ ঘোষপাড়ায় অবরুদ্ধ ও পৌর বাজারে হামলার শিকার হন। কিন্তু আন্দোলন পরবর্তী কুড়িগ্রাম প্রেস ক্লাবের তিন সাংবাদিকের নামে পুলিশ কোনো তদন্ত না করেই ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলাটি গ্রহণ করেন। তাই অতিদ্রুত কুড়িগ্রাম প্রেসক্লাবের তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমির নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।

