মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
নিহতরা হলেন, রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) এবং তার স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. রনির মেয়ে সালমা আক্তার আইরিন (১৮)।
পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে বিয়ে করেন তারা। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
জানা যায়, এক মাস আগে বাসা ভাড়া নিয়ে উপজেলার আহম্মদ চৌরাস্তা এলাকায় বসবাস করা শুরু করেন আকাশ-আইরিন দম্পতি। আইরিন একটি স্থানীয় কার্টনের কারখানায় চাকরি করতেন এবং তার স্বামী আকাশ অটো রিকশা চালাতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, “শুক্রবার রাতে খাবার শেষে তারা ঘুমাতে যান। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। ফোন পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।”
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভিতর থেকে তালাবদ্ধ করে ফাঁস নিয়েছে ওই দম্পত্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে দুজনেই আত্মহত্যা করতে পারে। তবে কী কারণে তারা আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

