ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশির বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন(৫) প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে খেলতে যায়। সেখানে ফরমান আলীর উঠানের বৈদ্যুতিক লাইনে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চার্জে দেয়া ছিলো। সেখানে লুকোচুরি খেলার এক পর্যায়ে ভ্যানের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু জোবায়ের।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিবেশী ফরমান আলীর বাড়ির আঙ্গিনায় বৈদ্যুতিক লাইনে ব্যাটারি চালিত ভ্যান চার্জে দেয়া ছিল। তার বাড়িতে গিয়ে খেলা করার সময় ভ্যানের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানার একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

