হাবিবুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জান্না উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেনের হামলাকারী ইউপি চেয়ারম্যান জিয়া ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলায় জান্না বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসীসহ হাজারো লোক অংশ গ্রহন করে।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তার, জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ফুকুরহাটি ইউপি সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা শিক্ষক আনোয়ারের উপর হামলাকারী ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
উল্লেখ্য, গতবৃহস্পতিবার জান্না উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান অংশ গ্রহন করে। নির্বাচনে আফাজ উদ্দিন জয়লাভ করলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ও তার লোকজন বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠেই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে মারধোর করে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক শতাধিক এলাকাবাসী জান্না বাজারে ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার শাস্তি দাবি করে সমাবেশ করে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে শিক্ষক মো: আনোয়ার হোসেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার বাবা ফজলুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে।
জান্না উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেন বলেন, বৃহস্প্রতিবার জান্না উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এরে পর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান তার বাবাকে ভোট দেওয়া হয়নি বলে তার উপর হামলা করে ও হুমকি দেয় এ স্কুলে কি ভাবে চাকরি করবে তা দেখে নেওয়ার। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার বাবা ফজলুর রহমান, আলাউদ্দিন, আফজাল হোসেন, শামিম হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

