নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় উত্তরাঞ্চলের গরীব অসহায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশুসহ বৃদ্ধদের। এমন সময় তাদের পাশে দাঁড়িয়েছে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে প্রায় শতাধিক বয়স জ্যেষ্ঠ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

এসময় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে পঁচাত্তোর্ধ্ব বাচ্চানী বেওয়া ও পঞ্চাশোর্ধ্ব জমিলা বেওয়া খুশি হয়ে বলেন, শীত আর ঠান্ডার কারনে রাতে শান্তিমতো ঘুমাইতে পারতাম না। সকালের শিরশিরানি ঠান্ডা বাতাসে অবস্থা কাহিল হয়ে যায়। এখন আর রাতজেগে আগুন জ্বেলে তাপ নিতে হবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

