নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদকবিরোধী অভিযানে দুই মাদক চোরাচালানকারী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করে।
আটককৃত ওই মাদক চোরাচালান কারীরা হলেন, উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (১৯) ও বেলাল হোসেনের ছেলে সুমন ইসলাম (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্টের সামনে ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী ও এএসআই রেজাউল ইসলাম তল্লাশি অভিযান চালায়। এ সময় তাদেরকে তল্লাশি করে চারটি লেক্সাস বিস্কুট এর কার্টুনের ভেতর কৌশলে নেয়া দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

