শরীয়তপুরের নড়িয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অপরাধ জাতীয় ঢাকা

নিখোঁজের ১০ঘন্টা পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার আন্দারমানিক বাজারের পশ্চিম পাশে রাজনগর ভূমি অফিসের সামনে থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের নাম আলমগীর মীরবহর(২৫)। সে রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের দলিল উদ্দিন মীরবহরের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তার জন্য ওই এলাকায় টহল পুলিশ মতোয়েন করা হয়েছে।

স্থানীয় ও নড়িয়া থানা সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি এলাকার দলিল উদ্দিন মীরবহরের ছেলে আলমগীর মীরবহরের সাথে তারই চাচাতো ভাই সুফিয়ান মীরবহরের দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীরবহর বলেন, এর জের ধরে গত কয়েকদিন যাবৎ উভয় গ্রুপের মধ্যে বাড়িঘর ভাংচুর ও বোমা হামলা চলছিলো।

শনিবার রাতে উভয় গ্রুপের মধ্যে এলাকায় সাজ সাজ রব অবস্থা বিরাজ করছিল। রাত ৯ টায় স্থানীয় আন্দারমানিক বাজার থেকে নিখোঁজ হয় আলমগীর মীরবহর। সন্ত্রাসীরা তাকে রাতেই ধারালো দা দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সামনে ফেলে রেখে যায়। গুলিবিদ্ধ ও কোপানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নড়িয়া থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *