লালমনিরহাট জেলার পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাস(৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাজার এলাকার মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।
২১ আগস্ট,শনিবার ভোর ৫ টায় উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাখাল দাস মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্য দিনের মতো আজ শনিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় রাখাল দাসের মৃত্যুর সংবাদটি বাড়িতে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ চিহ্নিত করেন তার পরিবার।
রাখাল দাসের সহযোগী জেলেরা জানিয়েছেন,রাখাল দাস সাধারণত মেচেরঘাট এলাকার সানিয়াজান নদীর অংশে নেমে মাছ ধরেন। আজকে তিনি একা বের হয়েছিলেন। তিনি মেচেরঘাট এলাকার সানিয়াজান নদীর অংশে নামার উদ্দেশ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে হাঁটছিলেন। পথিমধ্যে ট্রাক,বাস অথবা ভারি কোন যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে, মৃতদেহ দেখে এমনটাই বোঝা যাচ্ছে।
বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

