হাতীবান্ধায় রাস্তার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় রংপুর

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে ‘সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাস্তার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে দু’ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন। মানববন্ধনে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়রা জানান, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ওই দুই ইউনিয়নের দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেছেন। এ ঘটনার প্রতিবাদ করা হলে চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। অবৈধ গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় থানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের নিকট একাধিক লিখিত অভিযোগ করা হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসন রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না।

আব্দুর রহমান নামে এক ব্যক্তি জানান, তিনি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় প্রথমে একটি জিডি করেন। পরে তাকে আবারও হুমকি দেয়ায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘ দিনেও ব্যবস্থা গ্রহন করেন নাই পুলিশ।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, তিনি যথাযথ কৃর্তপক্ষের অনুমতি নিয়েই গাছ কেটেছেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *