কেশবপুরে গ্রামে গ্রামে গিয়ে টিকা নিতে আগ্রহীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ১২টি টিম গঠন করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের দ্বিতীয় দিনে গ্রামের মানুষের মধ্যে টিকার রেজিস্ট্রেশন করার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা পশ্চিম পাড়া ঈদ গাঁ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুর পর্যন্ত টিকা নিতে আগ্রহী দুই শতাধিক মানুষকে রেজিস্ট্রেশন করানো হয়। ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে গ্রামের মানুষদেরকে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রুমন, সাব্বির রহমান, নাসির উদ্দিন, রমজান পারভেজ,হুমায়ুন কবির রুবেল, মোজাহিদুর রহমান রিয়াদ, এনামুল হোসেন, বিপ্লব হোসেন, হাবিবুর রহমান,বিল্লাল হোসেন, রাজু আহমেদ, শুভ রহমান, তোরাহান উদ্দিন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নেওয়া ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নির্দেশে এবং যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সার্বিক দিক নির্দেশনায় কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে ১২টি টিম গঠন করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনার ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে।
গ্রামের মানুষের মধ্যে প্রযুক্তি সস্পর্কে ঠিকমতো ধারণা না থাকায় অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছিলেন না। আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলকে টিকার আওতায় আনার জন্য গ্রামে গ্রামে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি। আগামিতে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।

