সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয় তাহলে সেনাবাহিনী মাঠে থাকবে

জাতীয় ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতিকে অবলম্বন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপাতত লকডাউন শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করবো। আবারও যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায়, সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয় তাহলে সেনাবাহিনী তার কার্যক্রম চালাবে।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলে সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে টাঙ্গাইল শহরে আগমন করেন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।

সেনাপ্রধান বলেন, অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের সবার সাথে মিলিয়ে সেনাবাহিনী কিন্তু এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। যে সুফল সবার কাছ থেকে পেয়েছি তাতে আমি খুব খুশি। সব থেকে ভালো লাগছে যে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা কিন্তু করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

সেনাপ্রধান আরও বলেন, আমরা যদি এইভাবে সবাই মিলে কাজ না করতাম এই পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। তারপরও করোনা পরিস্থিতি তেমনটা ভালো হয়নি। তবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সবাই সচেতন থাকে আমাদের এই পরিস্থিতি অনেক উন্নতি হবে।

এ সময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক ড. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *