মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল

জাতীয় ঢাকা

সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এবং ঢাকা-আরিচা মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। আগামীকাল রোববার ১আগষ্ট পোশাক কারখানা খোলার ঘোষণার পর থেকেই কর্মস্থলে ফিরছেন হাজার হাজার নারী-পুরুষ।

দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে আসছেন পাটুরিয়া ঘাটে। সেখান থেকে খোলা ট্রাক, পিক-আপ ভ্যান, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় চড়ে পাঁচ থেকে ছয়গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের।

পাবনার কাজিরহাট থেকে ফেরিতে যমুনা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে এসে এক’শ টাকার ভাড়া প্রায় হাজার টাকা দিয়ে ঢাকায় ফিরছেন পোশাক কারখানার শ্রমিকরা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটের ফেরিগুলো এবং ঢাকা-আরিচা সহাসড়কে কর্মস্থলে ফেরার যে মানুষের ঢল নেমেছে এতে স্বাস্থ্য বিধিনিষেধের কোন বালাই নেই।

পুলিশ, ম্যাজিস্ট্রেটদের উভয ঘাটে এবং মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেলেও যাত্রী এবং যানবাহনের চাপ এতোটাই বেশি যে, দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই তাদের।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য আটটি ফেরি নিয়োজিত আছে। তবে রোববার থেকে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত হওয়ায় যাত্রীরা এক প্রকার জোড় করেই ফেরিতে উঠছেন। তাই বাধ্য হয়ে তারা যানবাহনের পাশাপাশি যাত্রীও পারাপার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *