পলাশ ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহবুবা খাতুন মুক্তা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন তার বাবা সাবেক ছিটমহলের বাসিন্দা মাওলানা মোফাজ্জল হোসেন।
দোয়া ও মোনাজাত শেষে মাহবুবা খাতুন মুক্তা বলেন, আমার সাবেক ছিটমহলের মানুষ ২০১৫ সালে বাংলাদেশের সাথে যুক্ত হবার মাধ্যমে স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা পেলাম এখন। আমি দেখেছি দেশের অনিয়ম ও অরাজকতা রুখতে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা জীবন উৎসর্গ করেছেন। অনেকেই আহত হয়েছেন। এজন্য তাঁদের স্মরণে আমার উদ্যোগ ও আমার বাবা-মায়ের সহযোগিতায় আজ সাবেক ছিটমহলের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত এমনটাই প্রত্যাশা আমাদের শিক্ষার্থীদের।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হাছান মাহমুদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর শিক্ষার্থী হামিম ফুয়াদ ফাহিম, কাশীপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোহছেনা আক্তার মিলি সহ আরো অনেকে।

