নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী এলাকার একটি পাটক্ষেতে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়রা পাটক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত অটোরিকশা চালকের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ীতে ফেরেননি আব্দুর রাজ্জাক। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়েছে। এরপর সন্ধা সাড়ে সাতটার দিকে বাড়ী থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাটক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত উৎসুক নারী পুরুষ লাশ দেখার জন্য ওই স্থানে জড়ো হয়। স্থানীয়দের ধারনা অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পাটক্ষেতে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
লাশ উদ্ধার কালে নাগেশ্বরী ফুলবাড়ী থানার সার্কেল এএসপি সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন রেজা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ওসি তদন্ত সরোয়ার পারভেজ সহ আরো অনেক উপস্থিত ছিলেন। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কোনো অভিমত প্রকাশ করেনি পুলিশ।

