ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌবিহার আসা ভ্রমণ পিপাসু একদল মানুষের প্রচেষ্টায় মুক্ত আকাশে ডানা মেলে আপন নীড়ে ফিরে যেতে পেরেছে জেলেদের জালে আটকা পড়া একটি হট্টিটি পাখির ছানা।
শনিবার ভূরুঙ্গামারীর দুধকুমার নদে নৌকা ভ্রমণ করছিলেন ঢাকা থেকে ঘুরতে আসা একদল ভ্রমণ পিপাসু মানুষ। দুপুরের দিকে তারা ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদে গোসল করতে নামেন।
এসময় হাসান নামের তাদের একজন ওই স্থানের কাছে দু’টি হট্টিটি পাখিকে আকাশে চক্কর দিয়ে ডাকাডাকি করতে দেখতে পান। তিনি অনুমান করেন কাছেই কোথায় হট্টিটি পাখি বিপদে পড়েছে। বিপদে পড়া পাখিকে বাঁচাতে অন্য পাখিরা ওড়াউড়ি ও ডাকাডাকি করছে।
পরে তারা দেখতে পান দুধকুমার নদে মাছ ধারার জন্য জেলেদের পেতে রাখা চায়না ড্রাগন জালে একটি হট্টিটি পাখির ছানা আটকা পড়েছে। নদ থেকে জাল তুলে তারা হট্টিটি পাখির ছানাটিকে মুক্ত করে ছেড়ে দেন। পরে তারা অবৈধ চায়না ড্রাগন জাল আগুনে পুড়িয়ে দেন।
হাসান বলেন, ‘আকাশে পাখিদের চক্কর দেয়া ও ডাকাডাকির ধরণ দেখে সন্দেহ হয় আশপাশে কোথাও পাখি বিপদে পড়েছে। পরে আমরা দেখতে পাই জেলেদের জালে একটি হট্টিটি পাখির ছানা আটকা পড়েছে। ছানাটিকে মুক্ত করে ছেড়ে দেয়া হয়েছে। নৌবিহারে আসা দলটির নেতৃত্ব দেন দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সফি খাঁন।

