রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জাতীয় ঢাকা

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ই মার্চ। আজকের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেন। দিবসটি উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০ টায় শাহজাদপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মমভাবে নিহত সকল শহীদ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদ, জাতীয় চার নেতা  এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এ “৭ই মার্চ : বাংলাদেশের স্বাধীনতার ওঙ্কার” বিষয় নিয়ে সেমিনারের আয়োজন হয়।

এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, সেমিনারের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের মাধ্যমে সংগীত পরিবেশন এবং বিকাল ৪ টায় বিতর্ক প্রতিযোগিতা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *