কুবি প্রতিনিধি: করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই সপ্তাহ সশরীরে ক্লাস বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। তবে বিভাগ গুলো চাইলে নতুন করে পরীক্ষার রুটিন দিতে পারবে।
রোববার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আগের নিয়মে বন্ধ থাকবে। সশরীরে ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চলবে আগের নিয়ম অনুসরণ করে। বিভাগগুলো চাইলে নতুন করে আবার পরীক্ষার রুটিন দিতে পারবে। এদিকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারী শুরু হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত দেশে করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে গত ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এক সংবাদ বিবৃতি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্ধ বৃদ্ধি করেন।

