মাসুদ রানা রনি, ঠাকুরগাঁও থেকেঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর আলিয়া মাদ্রাসা এলাকায়, দিনের বেলা গরু চুরি করে অটোতে নিয়ে পালানোর সময় অটোচালক সহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
জানা গেছে, বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) উপজেলার সালান্দর গ্রামের আঃ রহিমের ছেলে মোতালেবের একটি গরু সালান্দর আলিয়া মাদ্রাসা মাঠে বেঁধে রাখা ছিল। গরুটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে। ঘটনার দিন আনুমানিক ১২ টায় একই গ্রামের আনোয়ার কসাই(৪৭), শাহীন(১৫) গরুটি চুরি করে বোদা হাটে বিক্রি করার জন্য অটোতে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন আউলিয়াপুর বোর্ড অফিস বাজার এলাকায় তাদেরকে আটক করে।
গরুর মালিক একই গ্রামের আঃ রহিমের ছেলে মোতালেব হোসেন(৩২) বলেন, গরুটি সালান্দর আলিয়া মাদ্রাসা মাঠে বাঁধা ছিল। হঠাৎ আমার স্ত্রী মাঠে গিয়ে দেখে কে বা কাহারা আমাদের গরুটি নিয়ে যাচ্ছে। আমাকে জানালে গিয়ে লোকজনের কাছে শুনি অটোতে একটি সাদা রঙের গরু বোদা বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের পেছনে তাড়া করে ধরতে না পেরে সামনের আউলিয়াপুর বোর্ড অফিসে আত্নীয়দের ফোন দেই। তারা স্থানীয় লোকজনের সহযোগিতায় অটো থামিয়ে অটোচালক সহ মোট ৩ জনকে গরুসহ আটক করে।
এ বিষয়ে ঘটস্থালে আসা এস আই মুকুল বলেন, আটককৃতদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি। বাদীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

