অনলাইন ডেস্ক: করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে কার্যাবালি/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতা ৫ মে বুধবার মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
সরকারি, বেসরকারি, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মক্ষেত্রে অবস্থানের জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এছাড়া, শপিংমল যথারীতি স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
৫ মে বুধবারের পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করতে পারে। তবে, বন্ধ থাকবে আন্ত:জেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়। বিধি-নিষেধের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে।
তবে, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধি-নিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে বিধি-নিষেধ আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হয়।

