কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় প্রথম দিনে উপজেলার চারটি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইউআরসি আব্দুল আজিজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর ফুলবাড়ী উপজেলায় সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট চারটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসবে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০০ জন। তবে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় ২ হাজার ১৬৯ জন অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবেদ আলী খন্দকার জানান, প্রথম দিনে আমার কেন্দ্রে পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল ৫৬৯ জন। কিন্তু ২ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫৬৭ জন। এ কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন জানান, উপজেলার চারটি কেন্দ্রেই কঠোর নজরদারি রাখা হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

