ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এ সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৫ দেশের জোট বিওএও ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে যোগ দিতে ২৭-২৮ মার্চ প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। এর পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে বসারও আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২৮ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সি চীন পিংয়ের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান আভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক সম্পর্ক জোরদার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এ মুহূর্তে শক্তিধর কোনো দেশের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে না ঢাকা। আর চীন সফরে দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতার সইয়ের বিষয়ে আলোচনা চলছে, এখনও চূড়ান্ত কিছু হয়নি।
প্রধান উপদেষ্টা কিভাবে বেইজিং যাবেন জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের বিশেষ উড়োজাহাজ পাঠানোর উদারতাকে স্বাগত জানায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ নিজস্ব চার্টার ফ্লাইট করে যাবে, নাকি চীনের প্রস্তাবকে গ্রহণ করবে তাও এখনও নিশ্চিত হয়নি।

