অনলাইন ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌ-ভাতের বাজার করতে বাড়ি থেকে গোবিন্দগঞ্জে যাওয়ার পথে সড়কেই প্রাণ হারিয়েছেন উপজেলার বৈরাগী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৫৫)।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট মহাসড়কের কাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান উপজেলার বৈরাগী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শাখাহার ইউনিয়নের পূর্ব বানিহালি গ্রামের মৃত আসাদ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক লুৎফর রহমান মোটর সাইকেল চালিয়ে রাজাবিরাট সড়ক থেকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠলে গোবিন্দগঞ্জমুখী মালবাহী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান। দুর্ঘটনা পরপরই পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
স্বজনরা জানান, আজ লুৎফর রহমানের বাড়িতে তার ছেলে রাব্বির বৌ-ভাতের অনুষ্ঠান । সেই বৌভাতের কিছু বাজার করার জন্য তিনি মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

