নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুজ্জামান পাভেল (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। পাভেল উলিপুর পৌর শহরের সরদার পাড়ার মৃত শের আলীর ছেলে।
এ ঘটনায় হোছেন আলী (৩৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের দুজনের বাড়ি উলিপুর উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত পাভেলসহ দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর রোডে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান। নিহত পাভেল এক সন্তানের জনক বলে জানা গেছে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

