দাসিয়ারছড়ায় ‘বাংলাদেশ-ভারত’ ছিটমহল বিনিময়ের সপ্তম বর্ষপূর্তি পালিত

জাতীয় রংপুর হোম

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ‘বাংলাদেশ-ভারত’ এর ১৬২টি ছিটমহলের বিনিময় ঘটে। সমাপ্তি ঘটে তাদের ৬৮ বছরের বন্দিদশার। ‘বাংলাদেশ-ভারত’ ছিটমহল বিনিময়ের ৭ বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় বিজয়ের সপ্তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

দিবসটিকে স্মরণীয় করে রাখতে রোববার (৩১ জুলাই ২০২২) নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ-ভারত’ ছিটমহল বিনিময় তথা তাদের বিজয়ের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। দাসিয়ারছড়া ইউনিটের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শাখা ও সাবেক ছিটমহলের বাসিন্দাদের আয়োজনে রাত আটটায় কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর সংক্ষিপ্ত আলোচনা ও রাত ১২টা ১ মিনিটে (সোমবার, ১ লা আগস্ট) ৬৮ টি মোমবাতি প্রজ্বলন করে কেক কাটা অনুষ্ঠান এবং সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সহ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র কাজীউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *