মানিকগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

অপরাধ জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ও বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হোসাইন মোহাম্মদ রায়হান এই বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের মো. আশিক (১৯), দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের সবুজ মিয়া (১৯), সিঙ্গাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের জাহেদুল ইসলাম (৩০) ও ঘোনাপাড়া গ্রামের মাসুদুর রহমান (৩৮) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সজিব হোসেন (২০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, মানিকগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। গত ১০ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিজভী হোসেন নামের এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই যুবক সদর থানায় মামলা করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আশিক, সবুজ ও সজিবকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা রিজভীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ দিকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ও মাসুদুরকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, আজ শুক্রবার দুপুরে চোর চক্রের তিন সদস্য আশিক, সবুজ ও সজিবকে আজ শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *