কুবি প্রতিনিধি: মেধার স্বকৃতি হিসাবে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫১ জন শিক্ষার্থী। রোববার (২ জানুয়ারি) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে অ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনা ও অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অর্জন শিক্ষার্থীদের নতুন কিছু অর্জন করতে উৎসাহিত করবে। এই অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
অ্যাওয়ার্ড উপ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এই অ্যাওয়ার্ড শিক্ষা জীবন শেষে দিতে পারলে শিক্ষার্থীরা চাকরি জীবনে অনেক সুযোগ পেত। এই অনুষ্ঠান প্রতিবছর করলে শিক্ষার্থীদের আরো উৎসাহিত হবে। এখন এ অ্যাওয়ার্ড তাদের কাজে নাও আসতে পারে। ডিনদের আহবায়ন জানাই ডিনস অ্যাওয়ার্ড প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন-২০২০ উপলক্ষে ডিনস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। স্নাতক ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ ১৮ জন এবং স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৩৩ জন ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

