নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: সম্প্রতি কুড়িগ্রাম জেলার চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে ফেরিঘাট স্থাপনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান। তিনি তার প্রতিবাদে উল্লেখ করেন আমরা ফেরিঘাট মানি না, চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের রেলপথ সহ সেতু নির্মাণ করা হোক। তার এই দাবীর সাথে জেলার যুব সমাজ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন।
সম্প্রতি এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন লেখালেখি চলছে। জেলার চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সেতু স্থাপনের সিদ্ধান্ত বাতিল করে ফেরিঘাট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষুব্দ হচ্ছেন সাধারণ মানুষ। চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে রেলপথ সহ সেতুর দাবি তুলছেন সকলেই। এছাড়াও সেতুতে গ্যাসের লাইন ও হাইভোল্টেজ বিদ্যুতের দাবিও আছে।
জানা গেছে, সেতুর দাবী আদায়ের জন্য ২০১৩ সাল থেকে জেলার বিভিন্ন স্থানে জনসভা, বিলবোর্ড স্থাপন, লিফলেট বিতরন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে মন্ত্রী মহোদয় পর্যন্ত প্রচারিত হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি আমলে নিয়ে সরেজমিন পরিদর্শনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বনানী ঢাকা এর ৩ সদস্য বিশিষ্ট টিম প্রেরণ করেন। পরিদর্শন টিম সরেজমিনে সার্ভের কাজ শেষে ২টি স্থান নির্ধারনের পক্ষে মতামত দেন। এই সুখবরে আমরা অতি আনন্দিত। কিন্তু এই সিদ্ধান্ত বাতিল করে ফেরিঘাট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিমিষেই সেতু নির্মাণ বাতিল করে ফেরিঘাট স্থাপনের সিদ্ধান্ত সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েছে।
ব্রহ্মপুত্র নদী সেতু নির্মাণ হলে বদলে যাবে কুড়িগ্রাম বাসির ভাগ্য। হাইভোল্টেজ বিদ্যুৎ ও গ্যাসের লাইন সংযোগ পেলে গড়ে উঠবে শিল্প কারখানা। সৃষ্টি হবে বেকার মানুষের কর্মসংস্থানের। কুড়িগ্রামের মানুষ ভিক্ষা চায় না, কুড়িগ্রামের মানুষ চায় কর্মসংস্থান। শিল্প-কারখানা গড়ে উঠলে শুধু কুড়িগ্রাম নয় বিভিন্ন জেলার শ্রমিক এসে কাজ করে জীবিকা নির্বাহ করবে। আমাদের জেলার শিক্ষিত বেকার যুব সমাজের ভাগ্য বদলে দিবে এই সেতু। এ দাবি আদায় হলে দূরীভূত হবে কুড়িগ্রামের অভাব।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান বলেন, এ কেমন বিচার! আমরা ফেরিঘাট মানি না। ব্রহ্মপুত্র নদে সেতু চাই। বহুল ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ কাজ এখন শেষের পথে। ব্রহ্মপুত্র নদে কেন সেতু হবে না? এ দুঃখ রাখার জায়গা আমাদের নাই। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে আমরা যদি আমাদের ন্যায্য দাবি টুকু আদায় করে নিতে না পারি, তাহলে আর কখনো আমাদের এ দাবি পূরণ হবে না। এই দাবী রংপুর বিভাগ বাসির দাবী। কোটি কোটি মানুষের প্রাণের দাবি। এ দাবি আদায় করে দিতেই হবে।
তিনি আরো বলেন, এটা আমাদের দাবি, আমাদেরকেই আদায় করে নিতে হবে। আমাদের এ দাবি আদায় করে নিতে সকলেই এগিয়ে আসুন। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, রাজনৈতিক, সেবামূলক, সমাজসেবী সংগঠন গুলো কে এগিয়ে আসার অনুরোধ রইল। আসুন আমরা সকলে মিলে তীব্র আন্দোলন গড়ে তুলি।

