নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক যুবলীগ নেতার পরিবারে হামলা চালিয়ে নারী ও শিশুসহ প্রায় ১৫ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি রণস্থল ও দীঘিরপাড় এলাকায় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শক্রুতার জের ধরে বিকেলে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের বাড়িতে একদল সন্ত্রাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে নারী শিশুসহ প্রায় ১৫ জনকে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। এসময় তারা তিনটি বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের বাবা আতাউর রহমান (৬৫)মা জহেলা বেগম (৬১) ও তার পরিবারের সদস্য সামছুল (৪০),ছাইদুর (৩২),আমছেদ (৩৩),কাইয়ুম (২৫),নুর মোহাম্মদ (৪০),সুমন (৪২),খোরশেদা বেগম (২৫),সোহাগ (২০)সহ আরো অনেকে। এদের মধ্যে ১০ জনের নাম পরিচয় পাওয়া গেলেও এখনো পাঁচ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন আহতদের সবারেই অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ওই এলাকায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, পূর্ব শক্রুতার জের ধরে স্থানীয় ওই এলাকার সন্ত্রাসী আব্দুল হাই, জাহাঙ্গীর ও তার লোকজন এঘটনা ঘটিয়েছে। ওই সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, যুবলীগ নেতার পরিবারের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

