মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নাবেয়াত কয়েল কারখানায় আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রে জানাযায়, বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে ওই কারখানার কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা করে। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল আলম জানান, বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হঠাৎ করে কয়েল কারখানার ভেতরে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে ৩ টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

