কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে ধরলা নদীতে মামুনুর রশীদ নামে এক যুবকের বড়শিতে ধরা পড়লো ১৮ কেজি ওজনের এক বিশাল অাকৃতির কাতল মাছ।
বুধবার (৪ আগস্ট) সকালে দিকে ইউনিয়নের কদম তোলা এলাকায় ধরলা নদীতে স্থানীয় ওই যুবকের বড়শিতে মাছটি ধরা পরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকার মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর এক পর্যায়ে মামুনুর রশীদের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বিশাল অাকৃতির কাতল মাছ ধরা পড়লে প্রায় ৩-৪ ঘন্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন ওই যুবকরা। বিশাল আকৃতির ওই কাতল মাছটি স্থানীয়রা ১ হাজার টাকা কেজি ধরে কিনে ভাগ করে নিলে এতে ১৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

মামুনুর রশীদ বলেন, আমরা প্রতি বছরই কয়েকজন যুবক মিলে ধরলা নদীতে বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে এই প্রথম এতো বড় মাছ অামার বড়শিতে ধরা পড়লো। মাছটি নদী থেকে তুলে অানার পর পরই এলাকার কিছু মানুষ মাছটি তাৎক্ষণিক ১ হাজার টাকা কেজি ধরে কিনে নিয়ে ভাগাভাগি করে নিয়েছে।
কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, ধরলা নদীতে এতো বড় মাছ আগে ধরা পরেছে কিনা আমার জানা নেই। তবে তিস্তা ও ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে।

