নীলফামারী জেলা বিএনপি’র উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
শুক্রবার (৬ আগস্ট) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার। পরে নীলফামারী শহরের বিভিন্ন সড়ক ঘুরে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম, সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জামিয়ার রহমান,পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. আল-মাসূদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক হাসানুর রহমান তৌহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, নীলফামারী সরকারী কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সিসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ সচেতন হলে ও শারিরীক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করলে সংক্রমণের হার কমে যেত। কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের সংখ্যা এমনকি বাড়ছে মৃত্যুর হাড়। তাই সকলে এ ভাইরাসকে অবহেলা না করে আসুন আমরা সকলে মিলে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহন করি। নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি।

