সফলতার গল্প; ৫৬৫ কোটি ডলারের কোম্পানি, নেই কোনো স্থায়ী অফিস

আন্তর্জাতিক আলোচিত উদ্যোক্তা লাইফ স্টাইল

বর্তমানে ৬৫০ জন কর্মী রয়েছেন। মজার তথ্য হচ্ছে, এসব কর্মীর অনেকের সঙ্গেই কখনো দেখা হয়নি জনির। তাঁদের কেউই অফিস বসে কাজ করেন না। করবেনই–বা কীভাবে, স্থায়ী কোনো অফিসই তো নেই হোপিনের।

মাত্র দুই বছরের অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফর্ম হোপিন হয়ে উঠেছে ৫৬৫ কোটি ডলারের কোম্পানি। অথচ কোম্পানির নেই কোনো স্থায়ী অফিস। এমন অসম্ভবকে সম্ভব করেছেন হোপিনের প্রতিষ্ঠাতা জনি বাউফারহাট। বিবিসি অনলাইনের ‘সিইও সিক্রেটসে’ তিনি জানিয়েছেন তাঁর এই সফলতার গল্প।

সানডে টাইমস রিচ লিস্টের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী জনি বাউফারহাট হলেন নিজের চেষ্টায় হওয়া যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ শত কোটিপতি। সম্প্রতি ৪০ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পেয়েছে হোপিন। আর এর ফলে কোম্পানির মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫৬৫ কোটি ডলারে।

যেকোনো কাজই একটু ভিন্নভাবে করতে পছন্দ করেন জনি বাউফারহাট। স্পেনের বার্সেলোনায় এয়ারবিএনবির মাধ্যমে একটি অফিস ভাড়া নিয়েছেন জনি।

তিনি বলেন, ‘স্থায়ী কোনো অফিস না থাকার কারণে আমরা এমন কাজ করতে পারি, যা অন্য কোম্পানিগুলো আগে করতে পারে না।’ মজার হচ্ছে, নিজের কোনো স্থায়ী বাড়িও নেই জনির। কারণ, এসব জিনিসের স্থায়ী একটা ভবন থাকা খুব জরুরি বলে মনে করেন না তিনি। কিছুদিন পরপরই বাসা পাল্টান তিনি। যেখানেই থাকেন, সেখান থেকেই হোপিনকে পরিচালনা করেন।

জনি বলেন, প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া বেশি কার্যকর হিসেবে প্রমাণিত।

২০১৯ সালের ৫ জুন যুক্তরাজ্যে যাত্রা শুরু করে অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফর্ম হোপিন। মাত্র ছয়জন কর্মী নিয়ে শুরু করে কোম্পানিটি। হোপিনের ব্যবসা তরতর করে ওঠার পেছনে সাহায্য করেছে করোনা। দেশে দেশে ঘরবন্দী সিদ্ধান্ত হোপিনের ব্যবসা বাড়িয়েছে। ২০২০ সালে হোপিন জাতিসংঘ, ন্যাটো, স্ল্যাক এবং ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের বেশি ইভেন্ট হোস্ট করেছে।

এখন যেভাবে কাজ করছেন, সেই স্টাইল পরিবর্তন করার কোনো ইচ্ছে আপাতত নেই জনের। বরং তিনি একটি ইউনিক ডিজিটাল কোম্পানি সংস্কৃতি গড়ে তুলতে চাচ্ছেন, যা তাঁর পদ্ধতিতে সমর্থন করে। এটি ভবিষ্যতে নতুন স্বাভাবিককে মেনে নিয়ে কোম্পানি পরিচালনা করতে সাহায্য করবে অন্য প্রধান নির্বাহীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *