নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন সফলকারী নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী শিপন সরকার, আশরাফুল আলম, কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম প্রমূখ।
সমাবেশে ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠকদের ব্যাতিরেখে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত আন্দোলনে অংশ না নেয়া মেরুদণ্ডহীন অছাত্রদের দিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, আন্দোলন চলাকালীন সময়ে যারা ছাত্রলীগ করত, আওয়ামী লীগের দোসর ছিল, দ্বিতীয় স্বাধীনতার পর তারা শিবিরে যোগ দিয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্থান নিয়ে কলঙ্কিত করছে। কমিটিতে স্থান পাওয়া ৩ নং যুগ্ন আহ্বায়ক রাজ্য জ্যোতি আন্দোলনকালে ঢাকায় অবস্থান করছিলেন এবং এখনো ঢাকাতেই আছেন। ১২ নং যুগ্ন আহবায়ক হাসান জিহাদ পাঞ্জাবে পড়ালেখা করেন। দেশের বাইরে থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদ নেয়ার অভিযোগ তোলেন বক্তারা।
এসময় সদ্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য শিপন সরকার ও আশরাফুল আলম স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা করেন।

