হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে খেজুরের রস ছাড়া ভেজাল গুড় তৈরির অপরাধে দুই কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে এবং ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান পরিচালনা করেন। এ সময় মজমপাড়া গ্রামের মো. ককেলের বাড়িতে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভেজালকারী মূল হোতা। এ সময় বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি ঝোলা ও প্রায় ১ মণ ভেজাল গুড়। জব্দকৃত মালামাল, গুড় ও চুলা ধ্বংসসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানাসহ পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, ক্যাবের কার্যকরী সদস্য, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।রস ছাড়া

