কুবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ম্যারাথন-২০২১। এতে দ্রুত মানব হয়েছেন প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সোহাগ আকন্দ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় বিজয়পুর রেলক্রসিং থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয় বিজয় দিবসের এ ম্যারাথন। এর আগে ম্যারাথনের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এতে দুইশতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ম্যারাথন শেষে অংশ নেওয়া প্রথম ৩৯ জনের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এবারের ম্যারাথনে দ্বিতীয় হলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফখরুল ইসলাম, তৃতীয় হলেন বাংলা বিভাগের মোরশেদ, চতুর্থ হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জয়নাল আবেদীন, পঞ্চম হলেন ব্যবস্থাপনা বিভাগের কৃতি অনিমেশ, ষষ্ঠ হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিশ্বজিৎ, সপ্তম হলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী, অষ্টম হলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অমল, নবম হলেন প্রত্নতত্ত্ব বিভাগের সাকিব, দশম হলেন ব্যবস্থাপনা বিভাগের আবু-কাউসার, ১১ তম হলেন বাংলা বিভাগের আকরাম,১২ তম হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৌকির আহমেদ, ১৩ তম হলেন অর্থনীতি বিভাগের মাসুম আদিব,১৪ তম হলেন রসায়ন বিভাগের ফাহিম,১৫ তম হলেন নৃবিজ্ঞান বিভাগের ফরহাদ। এছাড়াও আরো ২৪ জনকে পুরষ্কৃত করা হয়েছে।

