নোমান পারভেজ, ধামরাই প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়।
বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবীনদের বরণে ছিলো ব্যাপক আয়োজন। ফুলের তোড়া দিয়ে ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে নবীনদেরকে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যপক ডা. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সাংসদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মঞ্জুরুল আলম রাজীব এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলোয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনা করা হয়, এরপর নবীন শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। অতিথিদের বক্তব্য শেষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র শাকিলুজ্জামান দিপু এবং তন্নি খান। অনুষ্ঠানে নাচ, গান, কৌতুক দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি ঘটে।

