ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বালাটারী গ্রামের জরিনা বেওয়া (৫০)। দীর্ঘ চার বছর থেকে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে না পারায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। গত ২৬-০৮-২১ তারিখ ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে সরকারসহ-সমাজের দানশীল, ও হৃদয়বানদের কাছে একটি হুইল চেয়ার পাওয়ার আকুতি জানান তিনি।
প্রকাশিত মানবিক প্রতিবেদনটি নজরে আসে কুড়িগ্রামের কৃতিসন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম মহোদয়ের। পরে তিনি নিজ অর্থায়নে হুইলচেয়ার কিনে পাঠিয়ে দেন। পরে বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় হুইলচেয়ারটি জড়িনা বেওয়া কে হস্তান্তর করা হয়।
হুইলচেয়ার পেয়ে জড়িনা বেওয়া অশ্রুসিক্ত নয়নে বলেন, দীর্ঘ ৪ বছর ধরে সবসময় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেছে। চলাফেরা করতে না পারায় দিন রাত ঘরে পড়েই থাকতে হচ্ছে। হুইলচেয়ার ব্যবহার করে এখন আমি বাইরের খোলামেলা পরিবেশ ঘুরতে পারবো। যে আমাকে এ হুইলচেয়ারটি দান করলো আল্লাহ যেন তাকে অনেক দিন বাঁচিয়ে রাখে।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক খবর পত্রের প্রতিনিধি মাহবুব রহমান সুমন, দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি নুরনবী মিয়া, সাংবাদিক সামিউল ইসলাম বেনু প্রমুখ।

