কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুইজন সদস্য (সিপাই র্যাংক) আহত হন। ঘটনা প্রতিরোধে বিজিবি ফাঁকা ৭ রাউন্ড গুলি বর্ষণ করে।
বৃহস্পতিবার ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ ও ১০৬০ সীমানার কাছে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামে এ ঘটনা ঘটে।জামালপুর-৩৫ বিজিবির পরিচালক লে.কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জামালপুর-৩৫ বিজিবি জানায়,উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ ও১০৬০ এর কাছে আরকি (বাঁশ দিয়ে তৈরি গরু পারাপারের বিশেষ যন্ত্র) দিয়ে গরু পারাপারের চেষ্টা করে একদল বাংলাদেশি চোরাকারবারি। এসময় গয়টাপাড়া ক্যাম্পের টহলরত ৬ বিজিবি সদস্য টের পেয়ে চোরাকারবারিদের ওই কাজে বাঁধা দেন।এতে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবির উপর চড়াও হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে বিজিবির দুইজন সিপাই মাথা ফেঁটে গুরুতর আহত হন। প্রতিরোধে বিজিবি সদস্যগণ চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা ৭ রাউন্ড গুলি বর্ষণ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

