গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই ইউনিয়নের দুই গ্রামের মানুষের চলাচলের জন্য একটি ব্রিজের প্রয়োজন। শ্রীপুর উপজেলার বরমী-গোসিংগা দুই ইউনিয়নের সিমান্ত ঘেষে ওরাদি খালের ওপরের কাঠের ব্রীজটি দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না।
এ কারণে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা কাঠের ব্রীজটি যেকোনো সময়ে ভেঙ্গে পড়ে যেতে পারে বলে জানান স্থানীয়রা। উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের দক্ষিণ ও গোসিংগা ইউনিয়নের পেলাইদ উত্তর গ্রামের মানুষের চলাচলের জন্য এ ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ।

খালের ওপর কাঠের ব্রীজ দিয়ে সার্বক্ষনিক মানুষের চলাচল করতে হয় দুই গ্রামের মানুষের। বিগত কয়েক বছর আগে গজারি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় ব্রীজটি। বর্তমানে কাঠের খুঁটির নাজেহাল অবস্থা।
এ ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ দিয়েই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত মানুষকে পার হতে হয়। দুই গ্রামের মানুষজন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন,খালটির ওপর শিগগিরই একটি পাকা ব্রীজ করা হবে। তবে কবে এটি বাস্তবায়ন হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তাঁরা।
বরমা গ্রামের বীর-মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম বলেন, নতুন কাঠ দিয়েও যদি এটি মেরামত করে দেয় তাহলে দুই গ্রামের মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।

সরেজমিনে গিয়ে দেখা যায় কাঠের ব্রীজে মানুষ উঠলেই নড়বড়ে এবং ঝুঁকিপূর্ণ। তবুও ব্রীজ পেরিয়ে মানুষের যাওয়া-আসা করতে হয়। বরমী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আলী আমজাদ পন্ডিত বলেন, দুই পারের জনসংখ্যা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি একটি গুরুত্বপূর্ণ ব্রীজ, নারী, শিশু ও শিক্ষার্থীসহ প্রতিদিন শত শত মানুষ এখান দিয়ে চলাচল করে।
তিনি আরো জানান,একটি ব্রীজ তৈরির বিষয়ে ইতিমধ্যেই গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের সঙ্গে আলোচনা হয়েছে। জনগণের সুবিধার জন্য অবশ্যই এখানে ব্রীজ ব্যবস্থা করা হবে।

