কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলা যুবদলের আয়োজনে তাদের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক নয়ন, পৌর যুবদলের সদস্য সচিব শিমুল, নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক প্রমুখ।
নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক প্রতিবাদ সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে অরাজনৈতিক একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক গত শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন। তারা আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। আসামি গ্রেফতার না হলে কুড়িগ্রাম জেলা যুবদল আরও কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দিবেন বলে জানান।

