নানা আয়োজনের মধ্য দিয়ে কালিয়াকৈরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একেএকে উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ মোঃ সাহাব উদ্দিন আহসান প্রমূখ।

এরপর, সকাল ৮টায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ শুরু হয়। পরে, একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেয়। এছাড়া দিনের বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং হাসপাতাল ও ভবঘুরে পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) সহ উপজেলার বিভিন্ন স্থানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নানান কার্যক্রমের মাধ্যমে কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার এই প্রেরণা যুগিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের বীজ বঙ্গবন্ধুর সময়েই তিনি বপন করে দিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *