ফুলবাড়ীতে ঘুষ না দেয়ায় এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ 

অপরাধ রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুষ না দেওয়ায় এজেন্ট ব্যাংকিং পয়েন্ট না পাওয়ার অভিযোগ উঠেছে ডাচ-বাংলা ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ঘুষ না দেয়ায় ব্যাংকিং সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় তিনি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত শাহজান আলীর ছেলে বাদশা মিয়া বালারহাট বাজারে ডাচ বাংলা ব্যাংক পিএলসি-এর আওতায় একটি সাব-এজেন্ট ব্যাংকিং পয়েন্ট চালুর জন্য উদ্যোগ নেন। এ লক্ষ্যে তিনি ব্যাংকের এরিয়া ম্যানেজার জবদুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। এরিয়া ম্যানেজার কাগজপত্র সংগ্রহ করে তাকে পয়েন্ট দেওয়ার আশ্বাস দিলেও, একপর্যায়ে তিনি বাদশা মিয়ার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদশা মিয়ার ভাষ্য, এরিয়া ম্যানেজারের পরামর্শে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ব্যাংকিং পয়েন্টের অবকাঠামো নির্মাণে তার প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় তাকে পয়েন্ট না দিয়ে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে অন্য একজনকে তা প্রদান করা হয়।

তিনি আরও জানান, “আমি এই অনৈতিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবদুল হোসেনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ডাচ বাংলা ব্যাংকের কুড়িগ্রাম আঞ্চলিক অফিস এবং ঢাকার প্রধান কার্যালয়ে অভিযোগ করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এরিয়া ম্যানেজার জবদুল হোসেন বলেন, “বাদশা মিয়া একদিন আমার কাছে এসেছিলেন। আমি শুধু প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে তাকে জানিয়েছি। এর বাইরে ঘুষ দাবির অভিযোগ সঠিক নয়।”

ডাচ বাংলা ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের সহকারী রিজিওনাল ম্যানেজার বায়হান কবির মুঠোফোনে বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। তবে এরিয়া ম্যানেজার জানিয়েছেন, বাদশা মিয়া কোনো অভিযোগ করেননি। অভিযোগকারী অন্য কেউ হতে পারেন। তাই সরেজমিন তদন্ত করে অভিযোগকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করা হবে। প্রমাণ মিললে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *